আগামী ২২ নভেম্বর শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’-এর তৃতীয় আসর। এই আসরে বর্তমান রানার্সআপ ‘চিটাগাং ভাইকিংস’ও অংশ নেবে। এরইমধ্যে খেলোয়াড়দের উত্সাহ দিতে চট্টগ্রামের ছেলে কুমার বিশ্বজিত্ ‘চিটাগাং ভাইকিংস’-এর থিম সং-এ কণ্ঠ দিয়েছেন। আর এই গানেরই দেড় থেকে দুই মিনিটের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।
আফজাল হোসেন বলেন, ‘খেলা চলতি সময়ে বড় ব্যাপ্তির মিউজিক ভিডিও প্রদর্শন করা সম্ভব নয়। তাই দেড় থেকে দুই মিনিট ব্যাপ্তির মিউজিক ভিডিও নির্মাণ করেছি। যারা এতে অংশগ্রহণ করেছেন প্রত্যেকই বেশ আন্তরিকতা নিয়েই কাজ করেছেন। অল্প সময়ের মধ্যে যতটুকু জমানো যায় ঠিক ততোটুকুই দর্শকের সামনে তুলে ধরা হচ্ছে।’ আফজাল হোসেন জানান, দু’তিনদিনের মধ্যেই ‘চিটাগাং ভাইকিংস-আরা চাঁটগাইয়া নওজোয়ান’ মিউজিক ভিডিওটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।