একযুগ পর জোড়া খুনের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ

 
মাদারীপুরের রাজৈরে জোড়া খুনের ঘটনায় চারজনের ফাঁসির রায় দিয়েছে ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দীন এই রায় ঘোষণা করেন।
 
এছাড়া একজনের যাবজ্জীবন ও নয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
 
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা-মহিউদ্দিন হাওলাদার, সুহাগ হাওলাদার, হালিম সর্দার ও হাবি শিকদার। এদের মধ্যে হালিম ও হাবি আদালতে উপস্থিত ছিলেন।
 
আরেক পলাতক আসামি শামসুল হক হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-হিরু হাওলাদার, রফিক হাওলাদার, কাইয়ুম শিকদার, টুটুল হাওলাদার, সেকেন্দার শেখ, জিন্নাত খান ও ইদ্রিস শেখ আদালতে উপস্থিত ছিলেন। আর জাহাঙ্গীর শিকদার ও মোস্তফা হাওলাদার পলাতক। এদের প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
 
এছাড়া হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় ১৪ জনকে খালাস দেওয়া হয়েছে।
 
মামলার বিবরণ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূঁইয়া বলেনে, ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল এলাকায় কোরবানির ঈদের নামাজের পরপর আসামিরা ইাউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক সমর্থিত সৈয়দ আলী মোল্লা ও সোলেমান মোল্লাসহ ৩৬ জনকে গুলি করে। সৈয়দ আলী ঘটনাস্থলেই মারা যান। পরে চিকিত্সাধীন অবস্থায় সোলেমান মোল্লা মারা যান।
 
ঐ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে রাজৈর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৩ সালের ৩০ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
 
২০০৫ সালের ১১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে আদালত বিচার শুরু করে। রাষ্ট্রপক্ষে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রায় ঘোষণা করা হয়।