গোপালগঞ্জে সিরিজ বোমা হামলা

৫ জেএমবি নেতার কারাদণ্ড

 
গোপালগঞ্জে সিরিজ বোমা হামলার মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ নেতাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া চারজনকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম এই আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. গিয়াসউদ্দিন, মো. মিলন খান, হাসান আলী মোল্লা, জিল্লুর রহমান মোল্লা ও জিয়াউর রহমান। এদের মধ্যে গিয়াস পলাতক।
 
অব্যাহতি পাওয়া ব্যক্তিরা হলেন- আনিসুল ইসলাম, রাকিব হাসান, বোরহানউদ্দিন ও আনিসুজ্জামান।
 
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি সৈয়দ শামসুল হক জানিয়েছেন, ২০০৫ সালের ১৭ আগস্ট গোপালগঞ্জের বিভিন্ন স্থানে একই সঙ্গে বোমা বিস্ফোরণ ঘটান জেএমবির এই জঙ্গিরা। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মল্লিক মো. রুহুল ইসলাম।
 
২০১০ সালে মামলাটি গোপালগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ থেকে ঢাকায় পাঠানো হয়। ৩৪ জনের মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করে আজ এই রায় দেয়া হয়।