তালেবানদের দখলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দারকাদ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত  দারকাদ দখল  করেছে তালেবান।  আফগান পুলিশের মুখপাত্র তালেবানের দারকাদ দখলে নেয়ার খবর নিশ্চিত করে বলেছেন, প্রদেশের অন্য দু’টি এলাকায়ও প্রচণ্ড সংঘর্ষ চলছে।
 
দারকাদ জেলা তাখার প্রদেশের অন্তর্ভুক্ত। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের যোদ্ধাদের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার নির্দেশ দিয়েছে। তারপরও নিরাপত্তাহীনতার কারণে ত্রাণকাজ ব্যাহত হতে পারে বলে উদ্বেগ বিরাজ করছে। সোমবারের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তান ও পাকিস্তানে অন্তত ৩৬০ জনের মৃত্যু হয়। আহত হয় দুই হাজারের বেশি মানুষ। কাবুল থেকে বিবিসি প্রতিনিধি জানান, ভূমিকম্পে দারকাদে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু আশেপাশের অনেক এলাকা ধ্বংস হয়ে গেছে। দারকাদে সংঘর্ষের কারণে ওই সব এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হবে। 
 
IMG0
 
সোমবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাখার প্রদেশের পার্শ্ববর্তী বাদাখশান প্রদেশে। আফগান কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে বাদাখশান প্রদেশে ত্রাণ কার্যক্রম শুরু হয়ে গেছে। বেশ কয়েকটি এলাকায় তাঁবু ও কম্বল বিতরণ করা হয়েছে। কিন্তু প্রত্যন্ত অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি।  এদিকে বিবিসি জানায়, ভূমিকম্প পরবর্তী ভূমিধ্বসের কারণে পূর্বের প্রদেশ নূরিস্তানের অধিকাংশ রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড ঠাণ্ডার কারণে গৃহহীন হয়ে পড়া মানুষদের বেঁচে থাকার লড়াই অনেক কঠিন হয়ে পড়েছে। দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে তাঁবু ও কম্বল সরবরাহ করা প্রয়োজন বলে জানিয়েছে ত্রাণকর্মীরা। বিবিসি।