দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট ভয়াবহ দুর্ঘটনায় পতিত সিওল ফেরি পরিচালনাকারী কোম্পানির প্রধান নির্বাহীর সাত বছরের সাজা বৃহস্পতিবার বহাল রেখেছে। ফেরিটি গত বছর ডুবে যায় এবং এতে তিন শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
গত মে মাসে আপিল আদালতের দেয়া সাজা সুপ্রিম কোট বহাল রাখার নির্দেশ দিয়েছে। ওই আপিল আদালত নরহত্যা ও জালিয়াতির দায়ে চংঘায়িজিন মেরিন কোম্পানির প্রেসিডেন্ট কিম হ্যান-সিকের বিরুদ্ধে এ সাজা ঘোষণা করেছিল। এ ঘটনায় চংঘায়িজিন কোম্পানির অপর চার কর্মকর্তারও আড়াই থেকে চার বছর মেয়াদের সাজা হয়। কিম যাত্রীবাহী এ ফেরিতে করে নিয়মিতভাবে অতিরিক্ত যাত্রী বহন করার এবং যাত্রী ধারণ ক্ষমতা বাড়াতে অবৈধভাবে ফেরিটি পুনরায় সংস্কার করার অনুমতি দিয়েছিলেন নি¤œ আদালতের এমন মন্তব্যের সাথেও সুপ্রিম কোর্ট একমত পোষণ করেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিল মাসে সিওল নামের এ ফেরি ডুবে যায় এবং এতে ৩০৪ জনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ছিল। কিম নরহত্যার দায়ে দেয়া সাজাকে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, তিনি ওই কোম্পানির কেবলমাত্র একজন বেতনভুক্ত কর্মচারী । কোম্পানির মালিক ইউ বাইয়াং-ইউন প্রতিষ্ঠানটির সকল কার্যক্রমের সঙ্গে জড়িত বলে তিনি জানান। ফেরি দুর্ঘটনার পর ইউ-কে ব্যাপকভাবে খোঁজা হচ্ছিল। কয়েক সপ্তাহ পর তার বিকৃত লাশ একটি মাঠের মধ্যে পাওয়া যায়। বাসস।