মার্কিন সমর্থিত কুর্দিদের সতর্ক করলো তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান বলেছেন নিজ জাতীয় স্বার্থ রক্ষার্থে সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাতে পারে। এরদোগান গতকাল বুধবার বলেছেন, তুরস্কে সীমান্তে সিরিয়ার আল আবিয়াদ শহরে কুর্দি বিদ্রোহীদের স্বশাসন ঘোষণা রুখতে এই পদক্ষেপ নেবে তুরস্ক। 
 
ন্যাটো সদস্য তুরস্ক, সিরিয়াতে ইসলামিক স্টেটস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোটের সদস্য। কিন্তু ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির নেতৃত্বাধীন স্বশাসন প্রত্যাশী কুর্দিদের তুরস্কের সীমান্তের কাছাকাছি অবস্থান দেশটির জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করছেন এরদোগান। এটা তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের উসকে দিতে পারে বলে মনে করছেন তিনি। তুরস্কের যুদ্ধবিমান সম্প্রতি সিরিয়ার কুর্দিদের নিরাপত্তা বাহিনী নির্দেশ অমান্য করে ইউফ্রেটিস নদীর পশ্চিম দিকে আসতে চাইলে তাদের উপর হামলা করে। এরদোগান বলেন, এটা ছিল তাদের জন্য একটা সতর্ক সংকেত। যদি আর অন্য কোনো জায়গায় এটা করার চেষ্টা করে তাহলে তাদের উপর হামলা করতে তুরস্কের কারো কাছ থেকে অনুমতি নিতে হবে না। 
 
এরদোগান মার্কিন সমর্থিত সিরীয় কুর্দি বাহিনীর বিরুদ্ধে জাতিগত হত্যার অভিযোগ তুলেছেন। তিনি বলেন,  পিওয়াইডি (কুর্দি নিরাপত্তা বাহিনী) জাতিগত হত্যায় জড়িত, তারা আরব ও তুর্কিদের বেছে বেছে হত্যা করছে। যদি কুর্দিরা নিজেদের প্রত্যাহার করে নেয় এবং কোনো সেনা স্থাপনা তৈরি না করে তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা ধরে রাখার মনোভাব অব্যাহত থাকে তাহলে এটা বন্ধ করতে যা প্রয়োজন তা করা হবে। তা নাহলে আমরা বড় ধরণের সমস্যার মুখে পড়বো। রয়টার্স।