সিরিয়া সংকট সমাধানের অভিন্ন উপায় খোঁজার লক্ষ্য নিয়ে আলোচনার মূল কুশীলবরা বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছেন। এদিকে শুক্রবার ভিয়েনায় এ বিষয়ে যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তাতে প্রথমবারের মতো যোগ দিচ্ছে ইরান। তবে শুক্রবারের বৈঠকের আগে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠকে বসছেন রাশিয়া, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তুরস্কের কূটনীতিকরা।
শুক্রবারের বৈঠকে ব্রিটেন, মিসর, ফ্রান্স, জার্মানি, ইতালি, লেবানন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জরিফও যোগ দেবেন। এর আগে বৈঠকগুলোতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অন্যতম মিত্র ইরানের অংশগ্রহণ ছিলো না। তাই এবারে তার অংশগ্রহণের বিষয়টিকে সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিরিয়া সংকট নিয়ে বৈঠকে বসতে এবার প্রথমবারের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ সকল কূটনীতিক একত্রিত হয়েছেন। তবে এ বৈঠকে সিরিয়ার সরকার কিংবা বিরোধী পক্ষের কেউ যোগ দেবেন কিনা তা জানানো হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সতর্ক করে বলেছেন, চলতি সপ্তাহের বৈঠকটি সিরিয়ার আসন্ন রাজনৈতিক সমাধানকে নিশ্চিত করবে না, তবে আশার সঞ্চার করবে। বাসস।