প্যারিস চুক্তি নিয়ে জাতিসংঘের জলবায়ু প্রধান আশাবাদী

ফ্রান্সের রাজধানী প্যারিসে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনে একটি নতুন আন্তর্জাতিক চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আত্মবিশ্বাসী জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান ক্রিস্টিনা ফিগারেস। স্কাই নিউজকে মঙ্গলবার এক সাক্ষাত্কারে তিনি এই কথা জানান। তার এই আশাবাদের বিষয়ে জানতে চাইলে বলেন, আমি দেখছি পুঁজি স্থানান্তরিত হচ্ছে। প্রযুক্তি দিনে দিনে অনেক বেশি অভিগম্য ও বাণিজ্যিক হচ্ছে। এছাড়া রাজনৈতিক সদিচ্ছাও দেখা যাচ্ছে। কারণ প্রতিটি দেশই বুঝতে পারছে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন একটি দেশ নেই যারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অনুভব করছে না। এখন তাদের স্বার্থেই আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

 

আগামী ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে একটি আইনি বাধ্যবাধকতার ও বিশ্বজনীন চুক্তিতে পৌঁছাতে সম্মেলনে বসবে ১৯৬টি দেশ। যদিও ধনী, দরিদ্র, উন্নত, উন্নয়নশীল দেশের একটি মতৈক্যে পৌঁছানো সত্যিই সহজ নয়। এটাই প্যারিস সম্মেলনের অন্যতম চ্যালেঞ্জ। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার লক্ষ্য খুবই দীর্ঘ মেয়াদী এবং এটা প্যারিসের একক লক্ষ্য নয়। এই সম্মেলন মূলত আমাদের বুঝতে সহায়তা করবে আমরা এখন কোথায় আছি, প্রথম প্রচেষ্টা গ্রহণ কী হবে ও লক্ষ্য অর্জনে কীভাবে এগিয়ে যেতে হবে।