'শমসের মবিনের পদত্যাগ দিয়ে বিএনপির পতন শুরু'

শমসের মবিনের পদত্যাগের মধ্য দিয়ে বিএনপির পতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন।

বর্তমান বিএনপির যেসব নেতা দলটির বর্তমান কর্মকাণ্ডের সাথে দ্বিমত পোষণ করছে তারাও অচিরেই বিএনপিকে গুডবাই জানাবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'বিএনপির অপরাজনীতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি এখন কোন রাজনৈতিক দল নয় বরং জনবিচ্ছিন্ন একটি জঙ্গি ও সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক সংগঠন।

হাছান মাহমুদ বলেন, শমসের মবিন সাংবাদিকদের সামনে অনেক কথার মধ্যে একটি কথা বলেছেন যে বিএনপির অনেক কর্মকাণ্ড ব্যক্তিগতভাবে তিনি পছন্দ করেন না। বর্তমান বিএনপি জিয়ার আদর্শের বিএনপি নয়। তাই অবস্থাদৃষ্টে যা মনে হচ্ছে বিএনপির অপরাজনীতি থেকে অনেকেই বেরিয়ে আসবে।

অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন সংসদ সদস্য শামসুল হক টুকু, শাহে আলম মুরাদ, এম এ করিম প্রমুখ।