শচীন্দ্রনাথ গাইন
গতবছর পয়লা ফাগুন জন্মদিনের আগে,
আতর আলী পড়ল ধরা প্রিয়তমার বাগে।
খবর দিয়ে এনে তাকে পার্কে গিয়ে বসে,
বাদাম-ছোলায় কী আর খরচ, হালকা কিছু খসে।
আদর করে জড়িয়ে ধরে আতর আলীর গলা,
চম্পা খাতুন মিষ্টি হেসে করল শুরু বলা—
‘তুমি আমার ভালোবাসার রাজত্বে আজ কিং,
জন্মদিনে চাই উপহার তোমার কাছে রিং।’
শুনেই আতর গতর নাড়ায়, বলে, ‘আমার রানি,
রিং পেলে যে খুশি তুমি তা আমি বেশ জানি।’
চার চোখেতে চোখাচোখি সময় কাটায় হেসে,
সাঁঝ নামতেই ফিরল বাসায় রঙ-তামাশার শেষে।
জন্মদিনে চম্পা খাতুন উঠেছে বেশ ভোরে,
তাকিয়ে আছে পথের দিকে, দাঁড়িয়ে থাকে দোরে।
হঠাত্ করে হাতের মুঠোয় ফোনটা বেজে ওঠে,
হাসির ঝিলিক খেলতে থাকে লিপস্টিকের ঠোঁটে।
‘শুভেচ্ছাটা জানাই তোমায় জন্মদিনে আমি,
আমার কাছে প্রিয়তমা তুমি ভীষণ দামি।’
দোয়া-খায়ের জানিয়ে ফোনের রিং দিয়েছে কেটে,
‘কানের দুল’ সে রিং বোঝেনি, চম্পা পড়ে ফেটে।
চাঁচড়া, যশোর