২ শতাধিক আরোহী নিয়ে রাশিয়ার বিমান বিধ্বস্ত

 
মিসরের সিনাই থেকে উড্ডয়ন করে নিখোঁজ রাশিয়ার বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন মিসরের প্রধানমন্ত্রী। বিমানটিতে দুই শতাধিক আরোহী ছিল। এদের মধ্যে বেশির ভাগ যাত্রীই রাশিয়ার পর্যটক।
 
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারবাস এ-৩২১ শারম এল-শেইখের রেড রিসোর্ট থেকে বিমানটি উড্ডয়ন করে রাশিয়ার সেন্ট পিটারসবার্গে যাচ্ছিল। উড্ডয়নের পর মধ্য সিনাইয়ের বিমানটি বিধ্বস্ত হয়।
 
রয়টার্স বলেছে, ২২৪ যাত্রী ও ত্রু নিয়ে বিমানটি শনিবার সিনাই উপত্যকার জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে মিসরের প্রধানমন্ত্রীর অফিস ও বেসরকারি বিমান মন্ত্রণালয় জানিয়েছে।
 
তবে বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। মিসরের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বিমানটি লক্ষ্য করে গুলি করা হয়েছিল কিনা এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সিনাইয়ের বেশকিছু এলাকায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী সক্রিয়।
 
রাশিয়ার বিমান কর্তৃপক্ষ ‘রোসাভিয়াটিয়া’র একজন মুখপাত্র সার্গেই ইভোলস্কি ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে বলেছেন, বিমানটি উড্ডয়নের ২৫ মিনিট পর বিমানটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে।