খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির ভাঙন সময়ের ব্যাপার মাত্র। এ অবস্থা থেকে বিএনপির ভাঙন কেউ ঠেকাতে পারবে না।
শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, বিএনপিতেও কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে যারা বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে জঙ্গি কানেকশন মেনে নিতে পারছেন না। এজন্যই বিএনপির ভাঙন কেউ ঠেকাতে পারবে না।
তিনি বলেন, বিএনপি ভাঙনের মূল কারণ হলো দলটির শীর্ষ নেতৃত্বের সাথে জঙ্গি কানেকশন। বিএনপির কিছু বিপথগামী নেতা-কর্মী জামায়াত ও জঙ্গিদের সাথে হাত মিলিয়ে দেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করে।
আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে এই বর্ধিতসভার আয়োজন করা হয়। খবর: বাসস।