সিরিয়ায় ‘প্রক্সি যুদ্ধের’ শঙ্কা রাশিয়ার

সিরিয়ায় যুক্তরাষ্ট্র কমান্ডো বাহিনী পাঠানোর খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।  এই কারণে দুই  দেশের মধ্যে ‘প্রক্সি যুদ্ধের’ ক্ষেত্র তৈরি হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। 
 
বিবিসি জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই সম্ভাবনা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারস্পারিক সহযোগিতার প্রয়োজনীয়তা বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ‘প্রশিক্ষণ, পরামর্শ ও সহায়তা’ করার জন্য ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত বিরোধী বাহিনীগুলোতে ‘৫০ জনেরও কম’ সেনা নিয়োগ করা হবে। এতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সেনাদের সিরিয়ায় প্রকাশ্যে তৎপর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 
 
IMG0
 
সিরিয়ার নেতৃবৃন্দের কোনো অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্র নিজে নিজেই সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন ল্যাভরভ।    তিনি বলেন, মেনে নিলাম, যুক্তরাষ্ট্র বা রাশিয়া কেউই তথাকথিত প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। কিন্তু পরিস্থিতির দাবি দুই সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তাকে আরো বাস্তব করে তুলেছে, এটি আমি পরিষ্কার বুঝতে পারছি।   ভিয়েনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্তাফান দ্য মিসতুরার সঙ্গে কথা বলার পর ল্যাভরভ এসব কথা বলেন। বিবিসি।