দক্ষিণ সুদানে অপহৃত ১৮ বাংলাদেশি শান্তিরক্ষী মুক্ত

 
দক্ষিণ সুদানে ১৮ বাংলাদেশি শান্তিরক্ষীকে মুক্তি দিয়েছে বিদ্রোহীরা। এখনো জাতিসংঘের ১২ জন ঠিকাদারকে আটক করে রেখেছে তারা। গত সোমবার নীল নদ থেকে এদের আটক করেছিল বিদ্রোহীরা।
 
জাতিসংঘ মিশনের জন্য নীল নদ দিয়ে একটি জাহাজে জ্বালানী তেল নিয়ে যাওয়ার সময় প্রায় ১০০ জন ভারী অস্ত্রে সজ্জিত বিদ্রোহী শান্তিরক্ষীদের আটক করে। মালাকালের উত্তরাঞ্চল থেকে আটক করে তাদেরকে কাকা নামের একটি শহরে নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনার পর জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল, হুমকির মুখে আটকদের অস্ত্র কেড়ে নেয় বিদ্রোহীরা।
 
জাহাজটি থেকে জ্বালানী তেল লুট করেছে বিদ্রোহীরা। জাতিসংঘের পক্ষ থেকে আটক ১২ জনের মুক্তি দাবি করা হয়েছে। তারা সবাই সুদানের নাগরিক। সূত্র: এএফপি, ডয়েচে ভেলে