চার কুর্দি পেশমার্গা যোদ্ধাকে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। অনলাইনে গত শুক্রবার প্রকাশ করা ওই ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি হুঁশিয়ারি দেয় তারা। খবর সিএনএনের।
১৫ মিনিটের ওই ভিডিওতে মুখোশ পরিহিত শিরশ্ছেদকারীকে ইংরেজিতে বক্তব্য দিতে দেখা গেছে। তবে তার কণ্ঠ জিহাদিদের মতো নয়। সম্প্র্রতি মার্কিন, ইরাকি ও কুর্দি বাহিনী যৌথ অভিযান চালিয়ে অপহূত ৭০ কুর্দিকে উদ্ধার করে। এরই পরিণামস্বরূপ এই চার বন্দিকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছে আইএস।
আইএসের এই হত্যাকাণ্ডের ব্যাপারে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের এক মুখপাত্র দিন্দার জাবারি বলেন, ‘আইএস মানবাধিকারের প্রতি সম্মান দেখায়নি। তবে আমরা সংগঠনটির ২১৫ জন বন্দির প্রতি আন্তর্জাতিক মানবাধিকার রীতি অনুযায়ী আচরণ করছি।’
তিনি আরও বলেন, ‘সমপ্রতি অভিযান চালিয়ে ২০ আইএস যোদ্ধাকে হত্যা ও ছয়জনকে আটক করা হয়েছে।’