গানে, কথায় স্মরণ করা হলো কিংবদন্তিতুল্য শিল্পী কলিম শরাফীকে। তিনি ছিলেন বাংলার সঙ্গীত জগতের প্রবাদপ্রতিম শিল্পী। গভীর শ্রদ্ধা আর অপরিসীম ভালোবাসায় কলিম শরাফীকে স্মরণ করলো রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা। গতকাল শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত কণ্ঠে ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ ও ‘সমুখে শান্তি পারাবার’ কলিম শরাফীর প্রিয় এ গান দুটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গান দুটি শুরু হতেই উপস্থিত দর্শকদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তপন মাহমুদ, প্রমোদ দত্ত, সাজেদ আকবর, সাদি মহম্মদ, সালমা আকবর, মহাদেব ঘোষ, অদিতি মহসীন, খন্দকার আবুল কালাম, পীযূষ বড়ুয়া, নার্গিস চৌধুরী, আজিজুর রহমান তুহিন, শিমু দে, হিমাদ্রী শেখর, শর্মিলা চক্রবর্তী, অনিমা রায়, তামান্না মৌ, সুমা রায় প্রমুখ।