আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সকল হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেছেন, স্বাস্থ্য সেবা নিয়ে কোন রাজনীতি চলবে না। তিনি বলেন, দেশের দরিদ্র মানুষের একমাত্র ভরসা সরকারি হাসপাতাল। আর তাই কোন সরকারি হাসপাতালে রোগীর স্বাস্থ্য সেবার ব্যাপারে দায়িত্ব অবহেলা বা শৈথিল্য সহ্য করা হবে না। গতকাল শনিবার কুষ্টিয়া মেডিক্যাল কলেজের মূল ক্যাম্পাসে কলেজ ভবন নির্মাণ অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। আন্দোলনের নামে বিএনপি নেত্রী খালেদা জিয়া কিভাবে মানুষ পুড়িয়ে মেরেছেন তা দেশের মানুষ ভালভাবেই উপলব্ধি করেতে পেরেছে। পাঁচ জানুয়ারির নির্বাচন বন্ধ করার জন্য খালেদা জিয়া ষড়যন্ত্র করেছিলেন। ওই ষড়যন্ত্র প্রতিহত করে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা হতো না, দেশে মার্শাল ল’ আসতো।
আওয়ামী লীগ নেতা বলেন, সম্প্রতি দুই বিদেশি হত্যা, পুলিশ হত্যা ও তাজিয়া মিছিলে হামলার ঘটনা একইসূত্রে গাঁথা। খালেদা জিয়া লন্ডনে বসে এসব ষড়যন্ত্র করছেন। পিছন থেকে ষড়যন্ত্র না করে সামনে এসে গণতান্ত্রিক লড়াইয়ে সামিল হওয়ার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষকে স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। এখন থেকে প্রতিবছর ডিসেম্বর মাসে মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সারের চিকিত্সা দেয়া হবে। অচিরেই জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউ ও সিসিইউ ইউনিট চালু করা হবে। তিনি কুষ্টিয়া মেডিক্যাল কলেজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
স্বাস্থ্যমন্ত্রী কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শ্বেত-শুভ্র এপ্রোন সবসময় সেবক হিসাবে তোমাদের পরিচয় বহন করে। সেবার মানসিকতায় দেশপ্রেমিক ডাক্তার হিসাবে তোমাদের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের দুর্নাম হয় এমন কোন কাজ করা যাবে না। দুই নম্বর কোন লোককে দলে স্থান দেয়া যাবে না।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সহ-সভাপিত হাজী রবিউল ইসলাম প্রমুখ। পরে স্বাস্থ্যমন্ত্রী কুষ্টিয়া শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সড়ক সংলগ্ন বঙ্গবন্ধু সুপার মার্কেটের চতুর্থ তলায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর জেলা কার্যালয় উদ্বোধন করেন।