সারা দেশে রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র মাদ্রাসা দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এটি চলবে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অন্য সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জাতীয় পরীক্ষার এই প্রথম দিনে জেএসসির বাংলা প্রথম পত্র ও জেডিসির কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ ও ছাত্র ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এক লাখ ৬০ হাজার ৫৯৩ জন বেশি।
চলতি বছর সারা দেশের ২৮ হাজার ৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের এই ২৩ লাখের বেশি শিক্ষার্থী দুই হাজার ৬২৭টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে। গত বছরের চেয়ে এবার কেন্দ্রের সংখ্যা ১০২টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৭০৭টি বৃদ্ধি পেয়েছে।
এবার জেএসসি থেকে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ ও জেডিসি থেকে তিন লাখ ৫৮ হাজার ৪৮৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
বিদেশের আটটি কেন্দ্রে, অর্থাৎ সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, লিবিয়ার ত্রিপোলি, কাতারের দোহা, ওমানের সাহাম, আবুধাবি, দুবাই ও বাহরাইনে মোট ৫৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
এ বছর জেএসসি ও জেডিসির অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে এক লাখ ১৮ হাজার ২১৪ ও ১৪ হাজার ৭৭৯ জন। এক, দুই ও তিন বিষয়ে অকৃতকার্য বিশেষ পরীক্ষার্থী জেএসসির এক লাখ নয় হাজার ৬২০ জন এবং জেডিসির ১১ হাজার ৯৫১ জনও পরীক্ষা দিচ্ছে।