সোমালিয়ায় হোটেলে হামলা, নিহত ১৫

 
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেল হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। রবিবার সকালে এই হামলার ঘটনা ঘটে।
 
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাহাফি হোটেলের মূল গেটে একটি গাড়ি বোমার বিষ্ফোরণ হয়। পরে হামলাকারীদের সঙ্গে হোটেলের নিরাপত্তা কর্মীদের গুলি বিনিময় হয়।
 
জঙ্গি সংগঠন আল-শাবাব তাত্ক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেছে।
 
আহতদের মধ্যে একজন সাংবাদিক ও স্থানীয় ব্যবসায়ী রয়েছেন।
 
হেটেলের ভেতর আত্মঘাতী বোমা হামলার অল্প পরেই আরো একটি বোমা হামলা করা হয়।
 
পুলিশ কর্মকর্তা মেজর ওসমার আলি রয়টার্সকে বলেছেন, দ্বিতীয় বোমা হামলার পর হোটেলের ছাড় থেকে হামলাকারীরা আমাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে।
 
হামলার পর এক টুইটার বার্তায় আফ্রিকান ইউনিয়ন মিশন ইন সোমালিয়া (অ্যামিসন) বলেছে, পরিস্থিতি বর্তমানে অ্যামিসন ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
 
রাজধানীর কেন্দ্রস্থলে কে-৪ নামক এলাকায় হোটেলটির অবস্থান। মাঝে মাঝে হোটেলটিতে দেশটির আইনপ্রণেতা ও সরকারি দফতর হিসেবে ব্যবহার করা হতো।