রাশিয়ার যাত্রীবাহী বিমান ভূপাতিত করার বিষয়ে ইসলামিক স্টেটের (আইএস) দাবি নাকচ করেছে মিসর। রবিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মিসরের প্রধানমন্ত্রী বলেছেন, সিনাই উপত্যকার পাহাড়ি এলাকায় শনিবার রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি থাকতে পারে।
IMG0
তবে আরো তথ্য পাওয়ার আগ পর্যন্ত এমিরেটস, এয়ার ফ্রান্স এবং লুফতহানসা সিনাই উপদ্বীপের উপর দিয়ে উড্ডয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটির ব্ল্যাক বক্স তারা খুঁজে পেয়েছেন এবং বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞদের কাছে সেটি পাঠানো হয়েছে।
IMG1
শনিবার অবকাশযাপন কেন্দ্র শার্ম এল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটাসবার্গের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এয়ারবাস এ-৩২১ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ২২৪ আরোহী ছিলেন যাদের বেশিরভাগ রাশিয়ার নাগরিক।
মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হোসাম কামাল বলেছেন, বিধ্বস্ত হবার আগে বিমানটিতে কোন সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল বিমানটির পাইলট জরুরি অবতরণের অনুরোধ করেছিলেন।
সিনাইতে তৎপর আইএসের সহযোগী জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ বিমানটি গুলি করে নামানোর দাবি জানিয়েছিল।
মিসরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল ঐ দাবি নাকচ করে দিয়ে বলেন, বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন বিমনাটি যে উচ্চতায় উড়ছিল সেখান থেকে গুলি করে বিমান নামানো যায় না।