সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের যৌথ বিমান হামলায় ৫০ ইসলামিক স্টেট জঙ্গি নিহত হয়েছে। তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদোলু দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আরো ৩০ জন জঙ্গি আহত হয়েছে এই ঘটনায়।
তুরস্ক সরকারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তুরস্কের জঙ্গি বিমান ইসলামিক স্টেটসের অবস্থানে হামলা করেছে। ছয়টি এফ ১৬ বিমান এই হামলায় শনিবার এই হামলায় অংশ নেয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, তুরস্কের কিলিস প্রদেশের সীমান্তবর্তী সিরিয়ার পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ইসলামিক স্টেটসের আটটি অবস্থানে হামলা করেছে। এই অভিযানে তুরস্কের স্থলবাহিনীও সহায়তা করেছে। তুরস্ক গত জুলাইয়ে ইসলামিক স্টেটসের বিরুদ্ধে লড়াইয়ে আরো কঠোর অবস্থান গ্রহণ করার প্রতিজ্ঞা গ্রহণ করে। ইসলামিক স্টেটস জঙ্গিদের অবস্থানে হামলা করার পাশাপাশি পুরোনো শত্রু কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির যোদ্ধাদের অবস্থানেও হামলা করেছে তুরস্ক। ন্যাটো সদস্য দেশটির বিমান ঘাটি ব্যবহার করে সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটসের অবস্থানে অভিযান পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। রয়টার্স।