বিশ্বজুড়ে চলমান সহিংসতায় বিশ্বনেতৃত্বের নির্লিপ্ত আচরণকে উদ্বেগজনক উল্লেখ করে যৌথ বিবৃতি দিয়েছেন জাতিসংঘ ও রেডক্রস প্রধান। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ দুই সংস্থার প্রধান যৌথভাবে উদ্বেগ প্রকাশ করলেন।
IMG0
শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের প্রেসিডেন্ট পিটার মুর বলেন, এর আগে পৃথিবীতে যুদ্ধের জন্য সৃষ্ট এতোটা সহিংসতা, কষ্ট, অস্থিরতা খুব কমই দেখা গেছে। আফগানিস্তান, নাইজেরিয়া ও সিরিয়ায় চলমান দ্বন্দ্বের জন্য সাধারণ মানুষের জীবনে যে করুণ পরিস্থিতি তৈরি হয়েছে তার অবসানের জন্য বিশ্ব নেতাদের দ্রুত দৃঢ় পদক্ষেপ নিতে জোর দিয়েছেন সংস্থা দুটির প্রধান।
তারা বলেন, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, ইরাক, আফগানিস্তান ও ইয়েমেনে চলমান সংঘাত সারা বিশ্বে বিরূপ প্রভাব ফেলছে। প্রতিদিনই আমরা শত শত সাধারণ ও বেসামরিক জনগণের মৃত্যুর সংবাদ পাচ্ছি যা আন্তর্জাতিক মানবাধিকার আইনকে লঙ্ঘন করছে। যুদ্ধের অস্থিরতা সব দেশেই ছড়িয়ে পড়ছে। কোনো দেশই এর ভয়ানক প্রভাব থেকে মুক্ত নয়।
বিশ্ব নেতাদের তীব্র তিরস্কার করে জাতিসংঘ মহাসচিব বলেন, যথেষ্ট হয়েছে, যুদ্ধেরও কিছু নিয়ম আছে। এখন সময় সেগুলো প্রয়োগ করার। জাতিসংঘের হিসেব অনুযায়ী, যুদ্ধের কারণে চলতি বছর ৬০ লক্ষেরও বেশি মানুষ বিশ্বজুড়ে বাস্তুহারা হয়ে শরণার্থীতে পরিণত হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সর্বোচ্চ। বিবিসি।