আবারো বলিউডে দেখা যেতে পারে শ্রীদেবী-অনিল কাপুর জুটিকে। ১৯৮৭ সালে বনি কাপুর প্রযোজিত ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার রিমেকে দেখা যেতে পারে সফল এই জুটিকে।
মিস্টার ইন্ডিয়া তৈরির জল্পনা-কল্পনা বলিউডে শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। এবার সেই জল্পনা আরও একধাপ এগিয়ে নিয়ে গেল বলিউডের জনপ্রিয় সুরকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের একটি মন্তব্য। ১৭ তম জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে জাভেদ আখতার বলেছেন, মিস্টার ইন্ডিয়া’র সিক্যুয়েল হলে হয়তো মুখ্য ভূমিকায় অনিল কাপুর-শ্রীদেবীকেই অভিনয় করতে দেখা যাবে। ছবি প্রসঙ্গে জাভেদ আখতারের মন্তব্য ছবিটি সাতাশ বছর আগে হলেও, ছবির নায়ক-নায়িকা এখনও বুড়ো হননি। তাঁর মতে অনিল কাপুর-শ্রীদেবী এখনও একইরকম রয়ে গিয়েছেন, শুধু ছবিটিরই বয়স বেড়েছে।
শনিবার একদিনের এই ফিল্ম ফেস্টিভ্যালে মিস্টার ইন্ডিয়া ছবির সদস্যেরা এসেছিলেন, কথা বলেছিলেন ছবি নিয়ে, ডুব দিয়েছিলেন স্মৃতির সাগরে। ছবিটির সিক্যুয়েল সত্যিই তৈরি হচ্ছে কিনা, জানতে চাওয়া হলে, ছবির প্রযোজক বনি কাপুর জানান, খুব শীঘ্রই বলিউডে ঝড় তুলে দেওয়া এই ছবির সিক্যুয়েল দেখতে পাবেন দর্শকেরা। সেলিম-জাভেদের চিত্রনাট্য ও শেখর কাপুরের পরিচালনায় তৈরি হওয়া ১৯৮৭- সালের প্রায় সায়েন্স ফিকশন ভিত্তিক এই সিনেমাটি বলিউডে ইতিহাসের সবচেয়ে সফল ছবিগুলোর মধ্যে অন্যতম । আপাতত সিক্যুয়েল এর অপেক্ষায় রইলেন দর্শকেরা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।