মাঝ আকাশেই ভেঙে যায় রাশিয়ার বিমানটি

 
মিশরের সিনাইয়ে বিধ্বস্ত হওয়া রাশিয়ার বিমানটি মাঝ আকাশেই ভেঙে পড়ে বলে দাবি করেছেন রুশ কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সকে নাম না প্রকাশ করার শর্তে একজন কর্মকর্তা জানিয়েছেন, মনে হচ্ছে বিমানটি দুই ভাগ হয়ে যায়। এর একটি অংশে আগুন লেগে যায় ও অপর অংশটি পাথরের ওপর আছড়ে পড়ে।
 
গত শনিবার মিশরের অবকাশ যাপন কেন্দ্র শারম-আল-শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গগামী বিমানটি বিধ্বস্ত হয়ে ২২৪ জন নিহত হন।
 
ঘটনাস্থল পরিদর্শন করে রাশিয়ার আন্তরাজ্য এভিয়েশন কমিটির প্রধান ভিক্টর সরচেনকো বলেছেন, শনিবারের বিমান বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে চূড়ান্ত মন্তব্য করার সময় এখনো হয়নি। সাংবাদিকদের তিনি জানান, সিনাই উপদ্বীপের ২০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে গেছে। এখন পর্যন্ত ১৬৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই দুর্ঘটনায় এক দিনের শোক পালন করছে রাশিয়া।
 
সিনাইয়ে সক্রিয় ইসলামিক স্টেট (আইএস) এর সহযোগী জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানটি ভূপাতিত করার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। তবে মিশরের প্রধানমন্ত্রী শরিফ ইসমাইল বিশেষজ্ঞদের বরাত দিয়ে দাবি করেছেন, জঙ্গিদের হাতে যে অস্ত্র রয়েছে তা দিয়ে সাড়ে নয় কিলোমিটার উচ্চতা থেকে এয়ারবাস ৩২১ কে ভূপাতিত করা সম্ভব ছিল না। ঘটনার কারণ খুঁজে বের করতে কয়েক মাস সময় লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি।
 
রাশিয়ার পরিবহনমন্ত্রী মাকসিম সকলভ বলেছেন, বিমানটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছিল এমন কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি। আইএস'ও এ নিয়ে কোন ভিডিও প্রকাশ করেনি যা জঙ্গি সংগঠনটি তাদের দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য করে থাকে।
 
বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত এমিরেটস, এয়ার ফ্রান্স ও লুফথানসা সিনাইয়ের ওপর দিয়ে বিমান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: বিবিসি