বিজ্ঞান মনস্ক লেখক ড. অভিজিত রায়ের বইয়ের প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা ও আহমেদুর রশিদ টুটুলসহ কয়েকজন প্রকাশকের উপর হামলায় কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানিসহ কয়েকটি দেশ। পৃথক পৃথক বিবৃতিতে তারা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা, লেখক ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্লগার হত্যার বিচার দাবি করেন।
মার্কিন দূতাবাস রবিবার এক বিবৃতিতে প্রকাশক দীপন হত্যা ও টুটুলসহ সকলের উপর কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে নিহতদের পরিবার, বন্ধু ও জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে বলা হয়, এ বছরের শুরুতে নিলয় চক্রবর্তী, ওয়াসিকুর রহমান, অনন্ত বিজয় দাস ও অভিজিত রায়ের হত্যাকাণ্ডের মতো এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডগুলো সহিংস চরমপন্থা রুখতে উভয় সরকারের যৌথ প্রচেষ্টার গুরুত্বের উপরই জোর দেয়। যুক্তরাষ্ট্র এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ড প্রত্যাখ্যান করে ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যাবে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস এক বিবৃতিতে এসব হামলা ও হত্যার ঘটনাগুলো মুক্ত ও স্বাধীনভাবে মত প্রকাশের উপর চরম আঘাত। সকল রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের পর্যায় থেকে এসব হত্যার নিন্দা জানাতে হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হত্যাকারীদের বিচারের মুখোমুখি এবং ঝুঁকিপূর্ণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘ প্রতিনিধি।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে আয়া উদুন মত প্রকাশের স্বাধীনতার উপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সরকারকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। উগ্র ধর্মান্ধরা যাতে আবারো এ ধরনের ঘটনা না ঘটাতে পারে সেজন্য জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা ও আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিঞ্জ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে মুক্তমনাদের উপর সাম্প্রতিক আক্রমণ খুবই উদ্বেগজনক। ধর্মনিরপেক্ষতা এ দেশের অন্যতম প্রধান মূল্যবোধ। বাংলাদেশ বিভিন্ন মত ও ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। সাম্প্রতিক আক্রমণ কোন ব্যক্তি বিশেষ নয়, মত প্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ। বিবৃতিতে রাষ্ট্রদূত উদারমনা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। প্রত্যেক নাগরিকের ধর্মীয় ও রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা শক্তিশালী নিশ্চিত এবং ঘৃণ্যতম হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানানো হয়।
ফ্রান্স সরকার অপর এক বার্তায় বর্বরোচিত দীপন হত্যাকাণ্ড ও টুটুল, রণদিপন বসু ও তারেক রহিমের উপর হামলার কঠোর নিন্দা জানান।