ইরাকে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা

ইরাকে প্রবল বর্ষণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও অনেক লোকের মৃত্যুর কারণে তিনি এ ঘোষণা দিলেন।

রবিবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আবাদি প্রবল বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে দেশের যে ড্রেনেজ ব্যবস্থা তা দিয়ে পানি নেমে কুলাতে পারছে না।

তিনি বাগদাদসহ অন্যান্য প্রদেশে উদ্ধার প্রচেষ্টা চালানোর জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও প্রদেশ, নিরাপত্তা বাহিনী, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের পাঠানোর ঘোষণাও দিয়েছেন।

উল্লেখ্য, ইরাকে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে বাগদাদ ও অন্যান্য প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। দেশের দূর্বল অবকাঠামোর কারণে বন্যার ব্যাপকতা আরো বেশী পরিলক্ষিত হচ্ছে। এর ফলে অনেক প্রাণহানি ঘটছে এবং লোকজনকে স্বাস্থ্যগত নানা সমস্যায় পড়তে হচ্ছে।

বন্যার পানির পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর বাগদাদের বিভিন্ন রাস্তা ও ঘরবাড়ি তলিয়ে গেছে। এমনকি গত কয়েকদিন ধরে আবহাওয়া ভাল হলেও কিছু এলাকা এখনো প্লাবিত রয়ে গেছে।

-বাসস