জাবির ৩ বিভাগে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ইতিহাস, দর্শন ও বাংলা বিভাগের ফল প্রকাশিত হয়েছে। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী।
 
এ বছর ইতিহাস বিভাগের মোট ৬৫টি আসনের বিপরীতে আট হাজার ৫৭৭ জন, দর্শন বিভাগের ৭০টি আসনের বিপরীতে পাঁচ হাজার ২৭৮ জন এবং বাংলা বিভাগের ৬৫টি আসনের বিপরীতে আট হাজার ১৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এদের মধ্য থেকে প্রতি বিভাগের মোট আসন সংখ্যার দশগুণ উর্ত্তীণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
 
গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে সোমবার। আজ কলা ও মানবিকী অনুষদেও অধীনে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই বছরের ভর্তি পরীক্ষা শেষ হবে।