যশোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের অভয়নগরে গাছ কাটাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সালামকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ভাই শেখ হারুন ও হামলাকারী হাবিবকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সালাম সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি সোনাতলা গ্রামের মৃত রাঙ্গা মিয়ার ছেলে।

স্থানীয় সোনাতলা পুলিশ ক্যাম্পের আইসি এসআই আল-আমিন জানান, শনিবার দুপুরে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সঙ্গে প্রতিবেশী মৃত আলী আকবর শেখ ওরফে নেদার ছেলে আসাদ ও হাবিবের একটি গাছ কাটাকে কেন্দ্র বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে আসাদ ও হাবিবের হাতে থাকা গাছিদা ও হাসুয়া দিয়ে আব্দুস সালামকে কোপাতে শুরু করে। এ সময় আব্দুস সালামকে বাঁচাতে তার বড়ভাই শেখ হারুন এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে হামলাকারী দুইভাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী হাবিবকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অপরজন আসাদ পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত জখম আব্দুস সালাম, আহত হারুন ও হাবিবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালামের মৃত্যু হয়। 

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান এ কামাল হোসেন নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে একটি গাছ কাটাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 

আরও পড়ুনঃ চান্দিনায় বাস চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকারীদের একজন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছে। অপর পলাতক আসামি আটকে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/নূহু