খালেদা জিয়া গুপ্তহত্যা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্তহত্যা চালাচ্ছেন অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তিনি এখন বিদেশে বসে গুপ্ত হত্যা শুরু করেছেন।’
 
জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
IMG0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের গুপ্ত হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মী, লেখক, প্রকাশক ও বিদেশিরা।’ এসব ঘটনায় ছাত্রশিবির ও ছাত্রদল জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তদন্ত করে খুনিদের ধরলেই দেখা যাচ্ছে এরা ছাত্রজীবনে শিবির ও অথবা ছাত্রদল করত।’
 
সম্প্রতি ঢাকা ও রংপুরে দুই বিদেশি খুন, এক প্রকাশককে খুন এবং আরো তিনজনকে কুপিয়ে জখমের যোগসূত্র রয়েছে বলে ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এদেশের মানুষকে নিয়ে বারবার ষড়যন্ত্রের খেলা হয়েছে। কোনো কোনো মহল বলছে, আইএস আছে, জেএমবি আছে। যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, রায় কার্যকর হচ্ছে, তখন এই খুনিদের রক্ষার করার জন্যই এই গুপ্তহত্যা।’
 
তিনি আরো বলেন, ‘যখনই দেশের মানুষ স্বস্তিতে তখনই এই হত্যাকাণ্ড, দেশের ভাবমূর্তি নষ্ট করতে এই হত্যাকাণ্ড।’