সিরিয়া ও ইরাকে রাশিয়া ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ইসলামপন্থি গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আল কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহরি। রবিবার ইন্টারনেটে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
জাওয়াহিরি মূলত আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মধ্যে বৃহত্তর একতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিনি, রুশ, ইরানিরা, আলিউয়িতি ও হেজবুল্লা্হ পরস্পর সহযোগিতে পরিণত হচ্ছে, আমরাও কি নিজেদের মধ্যে লড়াই বন্ধ করে সব শক্তি তাদের বিরুদ্ধে নিয়োগ করতে পারি না?”
এই অডিও বার্তাটি কবে রেকর্ড করা হয়েছে, তা পরিষ্কার না হলেও রুশ হামলার কথা আলাদাভাবে উল্লেখ থাকায় ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় রুশ হামলা শুরু হওয়ার পর বার্তাটি রেকর্ড করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে সেপ্টেম্বরে প্রকাশিত অপর এক অডিও বার্তায় জাওয়াহরি আইএস ও এর নেতা আবু বকর আল বাগদাদিকে প্রত্যাখ্যান করেছিলেন, তবে সম্ভব হলে ইরাক ও সিরিয়ায় পশ্চিমা নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইয়ে গোষ্ঠীটির সঙ্গে আল কায়েদা অনুগতরা যোগ দিতে পারেন বলে মন্তব্য করেছিলেন। কিন্তু এবারের বার্তায় তিনি বলেন, 'সব জায়গায় এবং সব গোষ্ঠীর মুজাহিদ ভাইয়েরা, আমরা আমেরিকা, ইউরোপ ও রাশিয়ার আগ্রাসনের মোকাবিলা করছি, তাই পূর্ব তুর্কিস্তান থেকে মরক্কো পর্যন্ত একযোগে দাঁড়ানোটা আমাদের উপরই নির্ভর করছে।'
সিরিয়ায় তাদের যোদ্ধাদের উপর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিরুদ্ধে ‘পবিত্র যুদ্ধ’ শুরু করার ডাক দিয়েছে আইএস। অতি কট্টরপন্থি এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে সেখানে নিয়ন্ত্রণ কায়েম করেছে। সূত্র: রয়টার্স