সিরিয়া সংকট: হোমসের দিকে অগ্রসর হচ্ছে আইএস

 
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সিরিয়ার সরকারি বাহিনীর হাত থেকে দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের মাহিন শহরটি দখল করে নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত শনিবার দুইটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে শহরটির দখল নেয়া শুরু করে আইএস।
 
খ্রিষ্টান অধ্যুষিত পার্শ্ববর্তী সাদাদ এলাকায় এখন লড়াই চলছে। সিরিয়ায় আইএস'র ওপর রাশিয়া ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার মধ্যেই শহরটির দখল নিলো জঙ্গি সংগঠনটি। গত কয়েক মাস ধরে তারা দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে তাদের শক্ত অবস্থান থেকে মধ্য সিরিয়ার হোমসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে মে মাসে পালমিরা ও আগস্টে আল কারিয়াতাইন শহর দখল করে তারা।
 
সর্বশেষ এই অগ্রযাত্রার ফলে জঙ্গি সংগঠনটি রাজধানী দামেস্ক ও হোমসের মধ্যবর্তী প্রধান সড়কের ২০ কিলোমিটারের মধ্যে চলে এলো। সূত্র: বিবিসি