দিল্লিতে ধর্ষণের ঘটনায় ইউবার ড্রাইভারের যাবজ্জীবন

 
ভারতের দিল্লিতে ইউবারের ট্যাক্সি চালক কর্তৃক নারী যাত্রী ধর্ষণের ঘটনায় ওই চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শিব কুমার যাদব নামের ওই ড্রাইভারকে অপরাধমূলক ভয়প্রদর্শন ও অপহরণে দায়েও অভিযুক্ত করা হয়েছে।
 
গত বছরের ডিসেম্বর মাসে ২৬ বছরের এক নারী বাড়ি ফিরতে ইউবারের একটি ট্যাক্সি ভাড়া করে ধর্ষণের শিকার হন। একটি নির্জন যায়গায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করে ট্যাক্সি চালক।
 
এই ঘটনার পর দিল্লিতে ইউবারসহ বেশ কয়েকটি ইন্টারনেটভিত্তিক ট্যাক্সি সেবা বন্ধ করে দিয়েছিল দেশটির সরকার। ট্যাক্সি কোম্পানিগুলোর বিরুদ্ধে চালকদের প্রয়োজনীয় পরীক্ষা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছিল সরকার। পরিস্থিতি উত্তরণের প্রতিশ্রুতি দিয়ে ঘটনার জন্য তখন ক্ষমা চায় ইউবার। ধর্ষণের শিকার ওই নারী পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি আদালতেও ইউবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
 
২০১২ সালের ডিসেম্বরে দিল্লিতে একটি বাসে ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রী নির্ভয়া ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশটিতে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছিল। এর পর থেকেই যৌন হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ভারতের আইন শৃঙ্খলা বাহিনী। সূত্র: বিবিসি