পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন লক্ষ্যবস্তুতে একা (লোন উলফ) হামলা চালাতে জঙ্গিদের প্রতি আহ্বান জানিয়েছেন আল কায়েদা নেতা আইমান আল জাওয়াহিরি। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে দলগত হামলা চালাতে ব্যর্থ হলে একজন ব্যক্তির হামলা 'লোন উলফ' এটাক নামে পরিচিত।
জঙ্গিদের অনলাইন তৎপরতার ওপর নজরদারি চালানো যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ টুইটারে প্রকাশ করা জাওয়াহিরির একটি ভিডিও বার্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
সাইট জানিয়েছে, গত রবিবার টুইটারে এই ভিডিওটি ছাড়া হয়। জঙ্গি সংগঠনটি সাধারণত তাদের নিজস্ব কোন ওয়েবসাইটে এ ধরণের ভিডিও প্রকাশ করে থাকে যার ব্যতিক্রম হল এবার। ভিডিওটিতে জাওয়াহিরি বলেন, 'ইসরাইলের সমর্থকদের রক্ত ও তাদের অর্থনীতি দিয়ে ঋণ শোধ করতে হবে।'
'লোন উলফ' হামলার উদাহরণ হিসেবে জাওয়াহিরি ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে হামলার কথা উল্লেখ করেন। সেখানে একজন হামলাকারী প্রেসার কুকার বোমা বিস্ফোরণ ঘটিয়ে তিন জনকে হত্যা করেছিলেন। ওই ঘটনায় ২৬৪ জন আহত হয়েছিলেন।
ভিডিও বার্তায় তিনি গত মাসে অধিকৃত জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরাইলিদের ওপর ফিলিস্তিনিদের হামলার প্রশংসা করেন জাওয়াহিরি। সূত্র: এএফপি