দীপন হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৭ ডিসেম্বর

 
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ডিসেম্বর তারিখ ঠিক করে দিয়েছে আদালত। প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে হত্যাচেষ্টার মামলাটিতে পুলিশকে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে হবে আগামী ২ ডিসেম্বর।
 
শনিবারের ঘটনায় মামলা দুটির এজাহার গ্রহণ করে মঙ্গলবার ঢাকার ‍দুটি আদালত এই তারিখ ঠিক করে দেয় বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
 
গত শনিবার বিকালে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা এবং একই সময়ে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে টুটুল ও দুই লেখককে কুপিয়ে জখম করা হয়।
 

এ ঘটনায় দীপনের স্ত্রী বুধবার শাহবাগ থানায় হত্যা মামলা করেছেন। মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেছেন টুটুল। কোনো মামলায় আসামিদের নাম কিংবা সংখ্যা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।