শাহরুখকে পাক এজেন্ট বললেন সাধ্বী প্রাচী

 
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানকে পাকিস্তানি এজেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন হিন্দু মৌলবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃ সাধ্বী প্রাচী। সেইসঙ্গে তাকে ভারত ছেড়ে পাকিস্তানে বাস করারও পরামর্শ দেন তিনি।
 
সোমবার শাহরুখ তার ৫০ তম জন্মদিনে ভারতজুড়ে চলতে থাকা হিন্দু মৌলবাদীদের কর্মকাণ্ড নিয়ে মুখ খোলেন। এ নিয়ে আক্রমণের শিকার হতে পারেন এমন আশঙ্কাও করা হচ্ছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে এক কথায় পাকিস্তানের এজেন্ট বলে দিলেন সাধ্বী প্রাচী। যারা প্রতিবাদ হিসেবে রাষ্ট্রীয় পদক ফেরত দিয়েছেন তাদের বিশ্বাসঘাতক হিসেবেও উল্লেখ করেন এই বিতর্কিত নেত্রী।
 
সোমবার নিজের পঞ্চাশতম জন্মদিনে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে ক্ষোভ উগরে দেন শাহরুখ। বলেন, 'দেশে চরম অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হয়েছে। এ ভাবে চলতে থাকলে আমরা আর ক’দিনের মধ্যে অন্ধকার যুগে ফিরে যাব। অসহিষ্ণু হওয়াটা অত্যন্ত নির্বোধের কাজ। আমাদের মতো দেশে ধর্মনিরপেক্ষতা দেখাতে না পারার চেয়ে জঘন্য অপরাধ আর নেই।' এমন চলতে থাকলে প্রয়োজনে রাষ্ট্রীয় পুরস্কার ফেরত দেয়ার কথাও ঘোষণা করেন বলিউড বাদশাহ।