আজ আসছেন ইলিয়াস কাঞ্চনের নায়িকা ‘দেবশ্রী’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাত্ দেখা’ কবিতা অবলম্বনে স্বনামে নির্মিত হচ্ছে যৌথ প্রযোজনার একটি ছবি। আর এই ছবিতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করতেই ঢাকায় আসছেন টলিউডের সিনিয়র অভিনেত্রী দেবশ্রী। আজ কলকাতা টু ঢাকা ফ্লাইট হয়ে সেখান থেকেই সরাসরি শুটিংয়ের জন্য চট্টগ্রাম যাবেন।

দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবির শুটিং শুরু হচ্ছে আগামীকাল থেকে। লোকেশন চট্টগ্রাম রেল স্টেশন। সেখানে টানা শুটিং চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। ৯ নভেম্বর ঢাকায় ফিরবে ‘হঠাত্ দেখা’ টিম। একইদিন এই ছবি নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের আয়োজনে একটি সংবাদ সম্মেলনের কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইলিয়াস কাঞ্চন জানান, ‘ছবির গল্পের প্রয়োজনেই রেল স্টেশনের কিছু দৃশ্য ধারণের জন্য চট্টগ্রাম যাচ্ছি আমরা।’

 

দেবশ্রী প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ক্যারিয়ারের দীর্ঘসময় তো টলিউডে ব্যস্ত ছিলাম। সেই সূত্রে দেবশ্রীর সাথে শখ্য আগে থেকেই। ও খুবই গুণী একজন অভিনেত্রী। আশা করছি ওর সাথে আমার পর্দার গল্পগুলো আমার দর্শকরা ভালোই উপভোগ করবে।’