মেঘকন্যা শম্পা’র লাকী সেভেন!

‘মেঘকন্যা’ নামের আরও একটি নতুন চলচ্চিত্রে কন্ট্রাক্ট সাইন করলেন রিয়্যালিটি শো তারকা শম্পা। এটি তার ৭ নম্বর ছবি। আগের ছবিগুলোতে এখন অবধি ‘চলচ্চিত্র তারকা’ তকমা দেওয়াটা কঠিন হলেও এই লাকী সেভেন চলচ্চিত্রটি তার ক্যারিয়ারের মোড় ঘোরাবেন এমনটাই প্রত্যাশা।

একইসাথে শম্পা অন্য অনেকের মতো টেস্ট ড্রাইভ করেই চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। অর্থাত্ তিনিও নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওসহ একাধিক কাজের সঙ্গত রেখেই চলচ্চিত্রে কাজ করছেন। চলতি মাসের ৭ তারিখ ফরিদপুরে ছবিটির শুটিং শুরু হবে।
শম্পা বলেন, ‘মেঘকন্যা আমার লাকি সেভেন ছবি অর্থাত্ ৭ নম্বর ছবি। বলতে পারেন এটি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। ফেরদৌস ভাইয়ের মতো অভিনেতার সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের।’ উল্লেখ্য, এ পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে তার।

আগামী ২০ নভেম্বর মুক্তি পাবে ‘আই লাভ ইউ প্রিয়া’ এবং ৪ ডিসেম্বর ‘গ্যাংস্টার রিটার্নস’। এছাড়া বেশ কয়েকটি টিভি সিরিয়াল ও উপস্থাপনায় সমানতালে কাজ করে যাচ্ছেন সদ্য বিবাহিত এই অভিনেত্রী।