পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম মুহাম্মদ জামান মেহসুদ।
পুলিশ সূত্র জানায়, সাংবাদিক জামান নিজের গাড়িতে করে গোমাল বাজার থেকে ট্যাংক জেলায় যাওয়ার পথে দুর্বৃত্তরা তার ওপর গুলি হামলা চালায়। একদল দুর্বৃত্ত নর্থ ওয়াজিরিস্তান সড়কে দুটি মোটর সাইকেলে এসে তার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। গুলি লাগার পর গুরুতর অবস্থায় স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়।
জ্যেষ্ঠ সাংবাদিক জামান মেহসুদ দক্ষিণ ওয়াজিরিস্তানের ট্রাইবাল ইউনিয়ন অব জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় প্রায়ই হুমকি এবং হামলার শিকার হন সাংবাদিকরা। জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, গত দশকে দায়িত্ব পালন করতে গিয়ে সারা বিশ্বে সাতশ’র বেশি সাংবাদিক নিহত হয়েছেন।