তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ কয়েকজন মন্ত্রী ‘দেশে বিদ্যমান সংকট’ সমাধানে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
রিপন বলেন, সমগ্র দেশ এখন সংকটের মধ্যে রয়েছে। আর এ থেকে উত্তরণে ইতিপূর্বে বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়েছে। কিন্তু সরকারের কয়েকজন মন্ত্রী ঐক্য চান না বলেই বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আসছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দল বর্তমান এই জাতীয় সংকটকে মোকাবেলা করার জন্য যে জাতীয় ঐক্যের আহবান জানিয়ে আসছে, তার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করাই হাসানুল হক ইনুর লক্ষ্য। কারণ দেশে এখন একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে-ইনু সাহেবদের মতো মানুষের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেফতার করার পর বিএনপির স্থায়ী সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কেও আটক করার প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গতকাল মঙ্গলবার আমাদের দলের অসুস্থ’ ভারপ্রাপ্ত মহাসচিবকে জামিন না দিয়ে তাঁকে কারাগারে প্রেরণের পর আজ দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে। আমরা সরকারের এধরণের দমননীতির তীব্র প্রতিবাদ করছি এবং বন্দী সকল নেতা-কর্মীর আশু মুক্তি দাবি করছি।
সাংবাদিকদের উদ্দেশে বিএনপির মুখপাত্র বলেন, আমরা দেশের বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুবই উদ্বেগ প্রকাশ করছি। দুই জন বিদেশির হত্যাকাণ্ড, একজন প্রকাশকের হত্যাকাণ্ড এবং আরো তিন জন প্রকাশকের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার মধ্যে দুজন পুলিশ সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা-সাধারণ মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। এধরণের ঘটনায় জড়িত দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে দেশে বিচারহীনতার সংস্কৃতিতে মানুষ হতাশাগ্রস্ত’ হয়ে পড়বে। তিনি বলেন, একমাত্র জাতির ইস্পাত কঠিন ঐক্য এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ করে দিতে পারবে।