নিজের জন্মদিনে গতানুগতিকভাবে জমকালো পার্টি বা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে ভিন্ন এক জন্মদিন পালন করলেন মেহরীন। শিল্পীর মতে, এটি নিজের আত্মতৃপ্তি ও মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই করা। তবে মেহরীনের এই উদ্যোগকে অনুসরণ করলে অনেকটাই বদলে যেতে পারে সমাজ। তৈরি হতে পারে নতুন সংস্কৃতি।
গত ৩০ অক্টোবর ছিল মেহরীনের জন্মদিন। শিল্পীসহ অল্প কিছু বন্ধু আর ভক্ত মিলে রাজধানীর নীলক্ষেত-এ সন্ধানীর কার্যালয়ে মরণোত্তর চক্ষুদান এবং রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো তার জন্মদিন উদযাপন। ভিন্নধরনের এ আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ড. আফসারুল কাদের, রোকেয়া হলের প্রভোস্ট রওশন আরা, মুক্তিযোদ্ধা রহেল আহমেদ বাবু, কণ্ঠশিল্পী সায়ান, মিনার ও ছড়াকার অনিক খান। মেহরীন তার প্রতিটি জন্মদিনেই এমন কিছু শুভ উদ্যোগের খবর দিক সেই প্রত্যাশাই করছে শুভবুদ্ধিসম্পন্নরা।