পাকিস্তানে কারখানা ধস, নিহত ১৮

পাকিস্তানের লাহোরে একটি নির্মাণাধীন কারখানা ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। কারখানার ভেতরে আটকে থাকা দেড় শতাধিক লোকের মধ্যে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।
 
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, লাহোর শহর থেকে ২০ কিলোমিটার দূরে সুন্দর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে কারখানাটি অবস্থিত। কারখানার ভেতরে উৎপাদন চললেও এর তৃতীয় তলার নির্মাণ কাজ চলছিল। বুধবার সারারাত উদ্ধার অভিযান চালিয়ে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে  ৭০ জনকে কারখানার ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করা হয়। 
 
নগরীর প্রধান প্রশাসনিক কর্মকর্তা উসমান বলেন, উদ্ধারকারীরা এ পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে। আহতদের মধ্যে কমপক্ষে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহাবাজ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, গত ২৬ অক্টোবরের ভূমিকম্পে সম্ভবত ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।