‘দেশের ঘটনার সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে’

 
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে যেসব ঘটনা ঘটানো হচ্ছে তার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত জেল হত্যা দিবসের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
 
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া নাকি নতুন সিদ্ধান্ত নিয়ে দেশে ফিরবেন, নতুন করে আন্দোলন শুরু করবেন। আমরা জেনেছি, বেগম জিয়া লন্ডনে বসে তার ছেলেসহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে বৈঠক করেছেন। কারণ দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে যেসব ঘটনা হচ্ছে তার সাথে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে।
 
তিনি বলেন, মুক্তমনা লেখক ও তাদের বইয়ের প্রকাশকদের ওপরে হামলা ও হত্যা শুধু যে দেশ ও সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তা নয়, এই হামলা আমাদের ভাষা, সংস্কৃতি ও রাষ্ট্রের ওপরেও হামলা। যারা পাকিস্তান সৃষ্টির পরে বাংলা ভাষা চায়নি, বাংলা সংস্কৃতিকে অস্বীকার করেছে, আরবি হরফে বাংলা চালু করতে চেয়েছিল সেসব গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী বর্তমান গোষ্ঠীরাই এ হামলা ও হত্যা পরিচালনা করেছে।
 
হাছান মাহমুদ বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের ওপরে হামলা এবং হত্যা, লেখক-প্রকাশকদের ওপরে হামলা, তাজিয়া মিছিলে হামলা এবং বিদেশি নাগরিকদের উপরে হামলা এ সকল ঘটনা প্রবাহগুলো একই সূত্রে গাঁথা। যারা এই বছরের শুরুর দিকে আন্দোলনের নামে দেশে সহিংসতা করেছিল তারাই আবারো দেশকে অস্থিতিশীল করার প্রয়াসেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে।
 
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, যেসব জঙ্গিগোষ্ঠী এগুলো ঘটাচ্ছে তারা দেশের একটি বৃহৎ দলের মদদপুষ্ট।
 
আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজুদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।