রোমানিয়ার রাজধানী বুখারেস্টে কয়েক হাজার লোক আজ একটি মিছিলে অংশ নিয়েছে। দেশটির একটি নাইট ক্লাবে সম্প্রতি ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৩২ জনের মৃত্যুর ঘটনার জের ধরে প্রধানমন্ত্রী ভিক্টর পন্টার পদত্যাগের পর এই মিছিল বের হয়।
মিছিলটিতে অন্তত ৩০ হাজার বিক্ষোভকারী যোগ দেয় বলে জানা গেছে। তারা আগাম নির্বাচন ও আরো রাজনৈতিক সংস্কারের দাবি করে। রোমানিয়ার অন্যান্য নগরীতেও মিছিল বের হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রাস্তায় নামার একদিন পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। দুর্নীতির কারণেই নাইট ক্লাবটিতে যথাযথভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করা হয়।
IMG0
পন্টাসহ রাজনীতির ক্ষেত্রে গণ্যমান্য ব্যক্তিদের দুর্নীতির বিষয়টি রোমানিয়ার একটি দীর্ঘ দিনের ইস্যু। অগ্নিকাণ্ডের ঘটনাটি জনগণের এই দীর্ঘদিনের ক্ষোভকে উস্কে দিয়েছে। পন্টার বিরুদ্ধে ইতোমধ্যেই দুর্নীতির অভিযোগে মামলা চলছে। তিনি বলেন, তার সরকারের এই পদত্যাগ যেসব বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমেছেন তাদের সন্তুষ্ট করবে বলে তিনি আশা করেন। বুখারেস্টের যে এলাকায় ওই নাইট ক্লাবটি অবস্থিত সেখানকার মেয়র ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাব্রিয়েল অপরেয়া বুধবার পদত্যাগ করেন। বাসস।