স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেড় মাস ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শুরু

‘একটি স্বপ্ন, ষোল কোটি আশ্রয়’ শ্লোগানকে ধারন করে স্টামফোর্ডে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিতর্ক আয়োজন ‘৮ম স্টামফোর্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৫’। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পাঁচ পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্বে আন্তঃ স্কুল-কলেজ ইংরেজি বিতর্কের মাধ্যমে পর্দা উঠে দেড় মাস ব্যাপী এই বিতর্ক আসরের।

এবারের আয়োজনে আরো থাকছে আন্তঃ স্কুল বাংলা, আন্তঃ কলেজ বাংলা, আন্তঃ বিশ্ববিদ্যালয় বাংলা ও আন্তঃ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক। দেশের প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের চারশো’র বেশি দলের অংশগ্রহণে থাকছে প্রায় চার হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ। এছাড়াও বিচার কার্যে থাকছে দেশ সেরা খ্যাতিসম্পন্ন সাবেক বিতার্কিক ও বিতর্কের বিষয় ভিত্তিক গুণীজন।

স্টামফোর্ডে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় স্টামফোর্ড ডিবেট ফোরাম এসডিএফ’র আয়োজনে অনুষ্ঠানের আহবায়ক ও ক্লাব সভাপতি আমিমুল হাসান বলেন, অনেক বড় আয়োজন, অনেক বেশি কাজ, তার চেয়েও বেশি উল্লাস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় ক্লাবের সকল সদস্যদের পরিশ্রম আমাদের এই আয়োজনকে সফল করে তুলছে।

আগামী ৮ ডিসেম্বর জমকালো অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে পর্দা নামবে এই বিতর্ক আয়োজনের। মিডিয়া পার্টনার হিসাবে থাকছে দৈনিক ইত্তেফাক, ডেইলি সান, সময় টিভি, এবিসি রেডিও ও এনটিভিবিডি।