খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১১টি বিভাগে মোট ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২০৯ জন। এবারের ভর্তি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ১০ হাজার ২২৪টি আবেদনের মধ্যে বৈধ ১০ হাজার ২০৯ জন আবেদনকারীর সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
ভর্তি পরীক্ষা কুয়েটসহ ক্যাম্পাসস্থ কুয়েট হাই স্কুল, নিকটস্থ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ, এইচএসটিটিআই, গভমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি বয়েজ) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি গার্লস) অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে পুরকৌশল (সিই) বিভাগে ১২০ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (তওই) বিভাগে ১২০ জন, যন্ত্রকৌশল (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ৮৭৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ভর্তি পরীক্ষা গ্রহণের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।