কম্বোডিয়ার বিরোধীদলের দুই এমপিকে গত সপ্তাহে নিষ্ঠুরভাবে প্রহার করার ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তি হচ্ছেন সামরিক বাহিনীর সদস্য। এ নির্যাতনের ঘটনায় দেশব্যাপী রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর বৃহস্পতিবার পুলিশ এ কথা জানায়।
বিরোধীদলীয় আইনপ্রনেতা কং সাকফিয়া ও নহয় চামরেউনকে তাদের গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে তাদের নির্মমভাবে প্রহার করা হয়। পার্লামেন্টের অধিবেশন ত্যাগ করার পর এ ঘটনা ঘটে। উল্লেখ্য, এ সময় সেখানে সরকারপন্থীদের একটি সমাবেশ হচ্ছিল।
পুলিশের দণ্ড বিষয় বিভাগের পরিচালক এবং এ সহিংস ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটির সদস্য সক খেমারিন এএফপিকে বলেন, এ নির্যাতনকারী ব্যক্তিরা সামরিক বাহিনীর সদস্য। তবে তারা সামরিক বাহিনীর কোন শাখার সদস্য তা আমি জানি না।
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ তিনজন মঙ্গলবার আত্মসমর্পণ করে ওই নির্যাতনের দায় স্বীকার করে।
-বাসস