মহাকাশচারী হিসেবে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। এ বছরের ডিসেম্বরের ১৪ তারিখ থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত মহাকাশে যাওয়ার আবেদনপত্র পাঠানো যাবে।
আবেদনপত্র পাওয়া যাবে নাসার ওয়েবসাইটেই। যাচাই বাছাইয়ের পর আগ্রহীদের ডাকা হবে সাক্ষাত্কারের জন্য। দিতে হবে শারীরিক সক্ষমতার পরীক্ষাও। তারপর নাসা চুক্তির ভিত্তিতে নতুন মহাকাশচারীদের নিয়োগ করবে ২০১৭ সালের প্রথম দিক থেকেই।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর বেশ কিছু সংখ্যক মহাকাশচারী প্রয়োজন হবে নাসার। আর সেই মহাকাশচারীদের হয়তো খুব অল্পদিনের মধ্যেই নাসার ‘ওরিয়ন ক্যাপসুলে’ চড়ে পাড়ি জমাতে হবে মহাকাশে।
এছাড়া বাণিজ্যিক মহাকাশযানে চেপেও তাদের যেতে হতে পারে মহাকাশে। নাসার হাতে এখন রয়েছে মাত্র ৪৭ জন মহাকাশচারী। পনেরো বছর আগেও যার সংখ্যা ছিল ১৪৯ জন। সংখ্যাটা কমতে কমতে এখন এক-তৃতীয়াংশে পৌঁছেছে। সেজন্যই সময়ের সঙ্গে তাল রেখে নতুন নতুন মহাকাশ অভিযানের জন্য নভোচারী তৈরি করতে চাইছে সংস্থাটি। কারণ আর বছর দুয়েকের মধ্যেই নাসাকে প্রচুর মহাকাশচারী পাঠাতে হবে মহাকাশে। তাদের পাঠাতে হবে মঙ্গলে। পাঠানো হতে পারে মঙ্গল আর বৃহস্পতির মাঝামাঝি জায়গায় থাকা নক্ষত্রপুঞ্জেও। যেতে হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) বা হাবল টেলিস্কোপের কাছে।
নাসার এই চাকরি পাওয়ার কিছু শর্ত রয়েছে। যেমন আবেদনকারীকে অবশ্যই মার্কিন নাগরিক হতে হবে। তাদের প্রকৌশল, জীববিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা বা রসায়নশাস্ত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। আগ্রহীদের টানা তিন বছর মূল পাইলট হিসাবে জেট বিমান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আরো থাকতে হবে পাইলট হিসাবে কম করে এক হাজার ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতা।