দক্ষিণ আফ্রিকার ওপর বাণিজ্য অবরোধ দেয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্র থেকে মাংস আমদানিতে দক্ষিণ আফ্রিকা সরকার বাধা সৃষ্টি করছে এমন অভিযোগ ওঠার পর এই হুমকি দিলেন ওবামা।
বৃহস্পতিবার ওবামা দক্ষিণ আফ্রিকার কৃষিপণ্য যুক্তরাষ্ট্রে রফতানিতে শুল্কমুক্ত সুবিধা স্থগিত করার কথা জানান। যুক্তরাষ্ট্রে উৎপাদিত শুকরের মাংস, গোমাংস ও পোলট্রি পণ্য দক্ষিণ আফ্রিকার বাজারে ঢুকতে ৬০ দিনের মধ্যে বাধা অপসারণ না করলে এই পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন ওবামা।
ওবামা বলেন, 'আমি এই পদক্ষেপ নিচ্ছি কারণ, দক্ষিণ আফ্রিকা অনেক দিন থেকে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য দেশে প্রবেশে বাধা সৃষ্টি করছে।' যুক্তরাষ্ট্রের বাজারে আফ্রিকার পণ্যের জন্য বিশেষ সুবিধা দিতে ২০০০ সালে একটি আইন করে মার্কিন সিনেট। এর বিনিময়ে আফ্রিকার দেশগুলোর অভ্যন্তরীণ বাজার উন্মুক্ত করতে উদ্বুদ্ধ করে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত ১৫ বছর থেকে যুক্তরাষ্ট্রের মুরগি আমদানিতে বাধা দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও পরিচ্ছনতার অজুহাত দিয়ে যুক্তরাষ্ট্রের শুকর ও গরুর মাংস আমদানিতেও বাধা সৃষ্টি করছে দক্ষিণ আফ্রিকা। সূত্র: আল জাজিরা