ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা, দেশে জঙ্গিবাদী তৎপরতা এখনও চলমান রয়েছে মন্তব্য করে সকল প্রকার জঙ্গি তৎপরতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বক্তারা বলেন, 'বাংলাদেশে বর্তমানে জামায়াতে ইসলামির নেতৃত্বে মৌলবাদী-জঙ্গিবাদী তৎপরতা অব্যাহত রয়েছে। এই জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।'
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি সমাবেশে বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, জামায়াতসহ ২০ দলীয় জোটের বৈঠক ডাকলে সমস্ত জঙ্গি তৎপরতার দায় আপনাদেরকে নিতে হবে। জঙ্গিবাদকে মোকাবেলায় আজ জাতীয় ঐক্য গড়ে তোলা একান্ত প্রয়োজন।
তিনি ব্লগার হত্যাকারীদের গ্রেফতারে সরকারের আইনশৃংখলা বাহিনীকে আরো তৎপর হবারও আহ্বান জানান। পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে আরো বক্তৃতা করেন- পার্টির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল, পলিটব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, কামরূল আহসান, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন। সমাবেশ পরিচালনা করেন নগর সাধারণ সম্পাদক কিশোর রায়। বাসস।