ভারতের বিহার রাজ্যের বিধানসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ ও মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বুথ ফেরত ভোটারদের ওপর চলানো জরিপ থেকে এমনটা জানাচ্ছে ভারতের সংবাদমাধ্যমগুলো। তবে রবিবারই সব জল্পনাকল্পনার অবসান হবে। এদিনই ভোট গণনা করা হবে।
বিহারের বিধানসভার নির্বাচন বৃহস্পতিবার শেষ হয়। পাঁচ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পড়েছে। টাইমস অব ইন্ডিয়ার জরিপে মহাজোট এগিয়ে রয়েছে। জরিপে দেখা গেছে, ২৪৩ আসনের বিধানসভায় ১২২ টি আসন পাবে মহাজোট। আর বিজেপি নেতৃত্বাধীন জোট পাবে ১১১ টি আসন। নিউজ এক্সও এগিয়ে রেখেছে মহাজোটকে। তাদের জরিপে দেখা গেছে, বিধানসভার আসনগুলোর মধ্যে মহাজোট পেতে পারে ১৩০ থেকে ১৪০ টি আসন। পক্ষান্তরে এনডিএ-র ঝুলিতে যেতে পারে ৯০ থেকে ১শ’ আসন। জেডি (ইউ), আরজেডি ও কংগ্রেসের সমন্বয়ে মহাজোট গঠিত হয়েছে।
বিধানসভার নির্বাচনে ভোট গণনা রবিবার স্থানীয় সময় সকাল আটটায় শুরু হবে। রাত ১০ টা নাগাদ ফলাফল পাওয়া যেতে পারে। ৩৯ টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য ১৪৩ জন পরিদর্শককে নিয়োগ দেয়া হয়েছে। ডাকের মাধ্যমে পাঠানো ভোট প্রথমে গণনা করা হবে। এরপর ইভিএমএ’র ভোট গণনা করা হবে।